সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি আজ শনিবার (২৩ মে) থেকেই শুরু হচ্ছে। আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি কার্যকর থাকবে।
এর আগে দেওয়া ঘোষণায় শনিবার বিদ্যালয় খোলা রাখার কথা জানানো হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সে নির্দেশনায় ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার কথা উল্লেখ ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আজ থেকেই কার্যকর হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

