AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৭ থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৯ পিএম, ১৫ মে, ২০২৬

২০২৭ থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতিহাস সংশোধন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে।

জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জানান, দীর্ঘদিনের একপেশে ইতিহাস ও বিভিন্ন বিচ্যুতি সংশোধন করে পাঠ্যবইয়ে প্রকৃত তথ্য তুলে ধরা হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরদের অবদান নিরপেক্ষভাবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনাও পাঠ্যপুস্তকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, মাধ্যমিক পর্যায়ের বই পরিমার্জনের অংশ হিসেবে গত ৪ থেকে ৭ মে পর্যন্ত বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে চারদিনব্যাপী আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে প্রাথমিক পর্যায়ের বই পরিমার্জনের কাজও চলছে।

তার ভাষ্য অনুযায়ী, মাধ্যমিকের ৯৭টি এবং প্রাথমিকের ৩৬টি বই পরিমার্জনে প্রায় ৩২০ জন বিশেষজ্ঞ কাজ করছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং অভিজ্ঞ স্কুলশিক্ষকেরা যুক্ত রয়েছেন।

আগামী জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ করে বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি। প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনসহ মোট ৬০১টি পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ চলছে।

নতুন বই ও নতুন বিষয়

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন তিনটি বৈচিত্র্যময় বই যুক্ত করা হবে।

চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা ও সংস্কৃতি’ বিষয়ক একটি বই তৈরি করা হচ্ছে। এতে শিশুদের শারীরিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে সাতটি গেমস অন্তর্ভুক্ত থাকবে। ডিজিটাল আসক্তি কমাতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ষষ্ঠ শ্রেণির জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের একটি বই, যেখানে আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। পর্যায়ক্রমে এটি অন্যান্য শ্রেণিতেও চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণিতে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা (টিভিই) বিষয়ে নতুন বইও যুক্ত করা হবে।

আইসিটি বইয়ে এআই ও আধুনিক প্রযুক্তি

এনসিটিবি চেয়ারম্যান বলেন, বর্তমান আইসিটি বইগুলো অনেকটাই পুরোনো হয়ে গেছে। তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আইসিটি বই নতুনভাবে সাজানো হচ্ছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, নতুন শিক্ষাক্রমের মূল দর্শন হবে ‘অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা’। এতে বইয়ের সংখ্যা কমিয়ে ব্যবহারিক শিক্ষার পরিধি বাড়ানো হবে।

মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ২০২৭ সালে পাঠ্যবই পরিমার্জনের কাজ চললেও ২০২৮ শিক্ষাবর্ষে আরও বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সেটি একটি পূর্ণাঙ্গ নতুন কারিকুলামও হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীরা নির্ভুল, আধুনিক এবং ইতিহাসের বিচ্যুতিমুক্ত নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!