আগামী বছরের ৬ জুন থেকে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সময়সূচিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রস্তাব করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষের থাকবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষা জুন মাসের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা রোজা শুরুর আগেই শেষ করতে চাওয়া হচ্ছে। আর এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ হলে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আন্তর্জাতিক সেমিস্টারভিত্তিক ভর্তি কার্যক্রমে সময়মতো অংশ নিতে পারবে।
এদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে গত বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অংশ নেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

