‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন পাঁচ টাকার নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত চিত্র ব্যবহার করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এ নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
নোটটিতে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ ব্যবহার করা হয়েছে।
এছাড়া নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা, যা কাগজের ভেতরে প্রবিষ্ট এবং আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। একই সঙ্গে সম্মুখভাগের নিচের অংশে মাইক্রো পয়েন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ মুদ্রিত রয়েছে।
নতুন নোটটি মঙ্গলবার থেকেই প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাঁচ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। এসব নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

