চলতি মে মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, এই সময়ে দেশে এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৭০১ কোটি ৩৭ লাখ টাকা (ডলার প্রতি ১২২.৭৫ টাকা হিসেবে)।
বুধবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ে (মে মাসের প্রথম ১২ দিন) রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪১ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩,০৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২,৫৬৭ কোটি ১০ লাখ ডলার। ফলে বছরওয়ারি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি, ডলারের স্থিতিশীলতা এবং প্রণোদনা সুবিধা এই ইতিবাচক প্রবাহে ভূমিকা রাখছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

