দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী এই মাথাপিছু আয়ের হিসাব নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রীকরণ, সৃজনশীল অর্থনীতি ও ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
মাথাপিছু আয় বাড়াতে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—উৎপাদন, নির্মাণ, তথ্যপ্রযুক্তি ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত খাতে কর্মসংস্থান বাড়ানো এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা।
এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই), বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও বাজার সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
রপ্তানি আয় বাড়াতে পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কৃষি উৎপাদন বাড়াতে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
তিনি বলেন, এসব উদ্যোগের কিছু ইতোমধ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়ন শুরু হয়েছে এবং বাকিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপের মাধ্যমে মানুষের আয় বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখা সম্ভব হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

