আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে ব্যাংকগুলোকে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কার্যক্রমে নির্ধারিত প্রতিপাদ্য তুলে ধরারও নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

