টানা ছয় দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কাটছাঁটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাপে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে বাজুসের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
এর আগে সর্বশেষ গত মঙ্গলবার (৩ মার্চ) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বেড়েছে এবং ১৩ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে সারাবছরজুড়ে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় ধরনের হ্রাস আনা হয়েছে। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা।
চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ২২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

