আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ভোটের আগে টানা ৯৬ ঘণ্টা বিকাশ, নগদ ও রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিং লেনদেনে বিশেষ সীমা কার্যকর থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, দিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ হাজার টাকা, একবারে সর্বোচ্চ লেনদেনের সীমা হবে ১ হাজার টাকা, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে ।
এই সময়ের মধ্যে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন চালু থাকবে। তবে এসব ছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেন করতে পারেন।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। একইসঙ্গে এই ৯৬ ঘণ্টায় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
এছাড়া আলোচিত সময়কালে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিংয়ের (আইবিএফটি) মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

