তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অযৌক্তিকভাবে বাড়ার পেছনে কারসাজি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির মূল্য সামান্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সম্ভাবনাকে কেন্দ্র করে একটি অসাধু ব্যবসায়ীচক্র আগেভাগেই সিন্ডিকেট গড়ে তুলে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অতিরিক্ত দাম বাড়িয়েছে। তার ভাষায়, এলপিজির দামে এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ নেই; এটি পুরোপুরি কারসাজির ফল।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশের সব জেলায় এলপিজির মূল্য তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এসব অভিযান পরিচালনা করবে।
বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত সরবরাহ ঘাটতির কারণে নয়; শীতকালে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে।
এদিকে, গত কয়েক দিন ধরে এলপিজির বাজারে অস্থিরতা বিরাজ করছে, যার ফলে ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে।
এর মধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে। এই নতুন মূল্য গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

