রাজধানীর বনশ্রী এলাকায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিলন নামের এক হোটেল কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীর একটি বাসায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় ফাতেমা আক্তার লিলিকে। তিনি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের বড় বোন শোভা জানান, ওই দিন দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। পরে ফিরে এসে ঘরে ছোট বোনকে কুঁকড়ে পড়া অবস্থায় দেখতে পান। শুরুতে মাথায় আঘাত লেগেছে বলে মনে হলেও পরে হিজাব সরিয়ে দেখেন— গলায় রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে গলা কাটা।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

