রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, মিরপুর বিভাগ থেকে ৭০ জন, গুলশান বিভাগ থেকে ৩৯ জন এবং উত্তরা বিভাগ থেকে ৬২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেন্সিডিল, ৩ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল ফোন, ১টি ক্যাপ, ১টি ব্যাগ, ১টি র্যাবের পরিচয়পত্র, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি ১টি ইয়াবা সেবনের পাইপ, ১টি গলিত আলামতযুক্ত ফয়েল পেপার, ১টি কালো মাটির কলকি, ১টি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

