AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের দুই বিলাসবহুল ফ্ল্যাটে দুদকের অভিযান, যা মিলল ভেতরে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৯ পিএম, ১৯ জুলাই, ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের দুই বিলাসবহুল ফ্ল্যাটে দুদকের অভিযান, যা মিলল ভেতরে

বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে আদালতের নির্দেশে অভিযান চালিয়ে সেখানে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় গুলশান থানা-পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি।

প্রথম দিনের ইনভেন্টরিতে প্রায় ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের ঘড়ির বক্স, মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার গহনা, ঝাড়বাতিসহ বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর তথ্য উঠে এসেছে। এছাড়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে, যার তথ্য অনুযায়ী ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কে অবস্থিত দুটি ফ্ল্যাটে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম জানান, আদালতের অনুমতি নিয়ে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটিতে থাকা মালামালের ইনভেন্টরি প্রস্তুত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মো. মশিউর রহমান জানান, প্রথম দিনের অভিযানে দুই ফ্ল্যাট থেকে প্রায় ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের চারটিসহ মোট আটটি ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, বেড, সোফা এবং প্রায় ১০০ সেট কামিজের তালিকা করা হয়েছে। সোমবারও ইনভেন্টরির কাজ চলবে, এরপর সব মালামালের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দখলে নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুলশান থানা পুলিশের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। দুদকের দাবি, সেখানে মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতির নানা আলামত পাওয়া গেছে। সংস্থাটির ধারণা, অনেক মূল্যবান মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে।

উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডের তথ্য অনুযায়ী, এটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের রোলেক্স সেলিনি (মডেল-৫০৫১৯), যা ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের হ্যার্ডস থেকে কেনা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে একই মডেলের ঘড়ির মূল্য প্রায় ২১ লাখ টাকার সমপরিমাণ বলে জানা গেছে।

দুদক জানিয়েছে, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংস্থাটির সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ওপর। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির দাবি, তার বিরুদ্ধে বিশ্বের নয়টি দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ এবং ৩০টি মামলায় প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

এর আগে আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, বিদেশে থাকা এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

সমালোচকদের কেউ কেউ জাবেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ব্যাপকতা বোঝাতে তাকে রূপক অর্থে  থিফ অব বাগদাদ বলে আখ্যায়িত করছেন। তবে এ ধরনের মন্তব্য একটি মতামত বা রাজনৈতিক ভাষ্য এটি আদালতের প্রতিষ্ঠিত রায় বা আইনি সিদ্ধান্ত নয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!