বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্যগুদাম পরিদর্শন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় পরিদর্শনকালে তিনি চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন খাদ্যগুদাম ভবনের অগ্রগতি এবং গুদামের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। গুদামের নিরাপত্তা জোরদারে সোলার লাইট স্থাপন এবং নিরবচ্ছিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিত করতে আইপিএস স্থাপনের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান, শিকারপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান জয়, অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান জানান, চলতি বোরো মৌসুমে সরকারি সংগ্রহ কর্মসূচির আওতায় শিকারপুর খাদ্যগুদামে মোট ১,৫১৭ টন ধান সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, সরকার কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে তাদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভর্তুকি দিয়ে সরাসরি ধান সংগ্রহ করছে এবং ভবিষ্যতেও তাদের জন্য সব ধরনের সহায়তা ও অগ্রাধিকার নিশ্চিত করা হবে।
তিনি সফলভাবে সরকারি ধান সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিকারপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

