বনাঞ্চলে খাদ্যসংকট ও আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় দুটি বন্য বানরের দেখা মিলেছে। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা বানর দুটি গাছ থেকে গাছে, কখনও ভবনের ছাদে, আবার কখনও বাগানের মাচায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। স্থানীয়রা খাবার দিলে সেগুলোও খাচ্ছে। তবে মাঝে মধ্যে দাঁত বের করে দর্শনার্থীদের ভয় দেখাতেও দেখা যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সলেমানপুর গ্রামের দাসপাড়ার একটি আমবাগানে বানর দুটি দেখতে ছোট-বড় সব বয়সী মানুষের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনাঞ্চল কমে যাওয়া এবং খাদ্যের সংকটের কারণে প্রতিবছরই এক-দুবার লোকালয়ে বানরের দেখা মেলে। কয়েক দিন ধরে বানর দুটি কখনও গাছে, কখনও ভবনের ছাদে, আবার কখনও বাগানের মাচায় বিশ্রাম নিচ্ছে। মঙ্গলবার দুপুরে সলেমানপুরের একটি আমবাগানে তাদের দেখা যায়। স্থানীয় অনেকের ধারণা, বানর দুটি একটি জোড়া।
বানর দুটিকে একনজর দেখতে এবং খাবার দিতে আমবাগানটিতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা স্বপন দাস বলেন, “আমার জানামতে, বানরের একটি দলে কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে তাকে দল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখন তারা বাধ্য হয়ে বন ছেড়ে লোকালয়ে চলে আসে।”
অপর স্থানীয় বাসিন্দা গণেশ দাসের মতে, “বনে খাদ্যের সংকট দেখা দেওয়ায় খাদ্যের সন্ধানেই বানর দুটি লোকালয়ে এসেছে।”
কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বনাঞ্চলে খাদ্যের সংকট সৃষ্টি হওয়ায় বানরগুলো লোকালয়ে চলে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি, বানর দুটি মহেশপুর এলাকা থেকে কোটচাঁদপুরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

