ঢাকার সাভারে জঙ্গি হামলা ও বিস্ফোরণের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও ভিডিওকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, পুরোনো একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে সাভারের ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে বাস্তবে সাভারে এমন কোনো ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ১১ জুন খুলনা সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। সেই ভিডিওকে নতুন ঘটনার দাবি করে সাভারের বলে প্রচার করা হয়। সোমবার রাত থেকে ফেসবুকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি আইডি ও পেজ থেকে একই ধরনের পোস্ট দেওয়া হয়। এসব পোস্টে দাবি করা হয়, সাভারে জঙ্গি হামলা ও বিস্ফোরণের ঘটনায় মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে।
যেসব অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেগুলোর মধ্যে ‘সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক’ পরিচয়ে সৈয়দ গোলাম কামরুজ্জামান, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি’ পরিচয়ে আবুল কালাম আজাদ এবং ‘খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজ রয়েছে।
রাতেই গুজবের সত্যতা যাচাই করতে এলাকার বিভিন্ন স্থানে যান স্থানীয় অনেক বাসিন্দা। তাঁদের একজন সাইফুল শাওন বলেন, ফেসবুকে ধারাবাহিকভাবে ভিডিও ও পোস্ট দেখে তিনি উদ্বিগ্ন হয়ে বাইরে বের হন। পরে বিভিন্ন এলাকায় ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হন, কোথাও কোনো হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তাঁর ভাষ্য, পুরোনো একটি ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী নাইমও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখে ঘটনাস্থল খুঁজতে বের হলেও কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পাননি। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল এবং মানুষের চলাচলও ছিল স্বাভাবিক।
তাঁর দাবি, খুলনা সিটি হাসপাতালের অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে সাভারের ঘটনা বলে প্রচার করে আতঙ্ক ছড়ানো হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, গত রাতে সাভারে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের বিষয়েও তাদের কাছে কোনো বার্তা বা তথ্য আসেনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, “সাভারে জঙ্গি হামলা বা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

