পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে অনলাইন জুয়ার ভয়াবহতা, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, সাংবাদিক সাকিব হাসান (চ্যানেল ৭১), সাংবাদিক হারুন অর রশিদ (দৈনিক নয়া দিগন্ত), সাংবাদিক খালিদ হোসেন মিল্টন (তৃতীয় মাত্রা), কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতা–এর গলাচিপা প্রতিনিধি মো. রাকিবুল হাসান, অ্যাডভোকেট মো. খবির উদ্দিন, জেলা যুব অধিকার পরিষদ, পটুয়াখালীর সহসভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, “নিজেকে আগে জানতে হবে। খুঁজে দেখুন, আপনার ভেতরেই হয়তো একজন জুয়াড়ি, হয়তো একজন ধর্ষক, কিংবা একজন লুটেরা লুকিয়ে আছে। কিন্তু এসব প্রবৃত্তিকে দমন করে ইসলাম ও নৈতিকতার পথে চললে আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।”
তিনি আরও বলেন, “এই সেমিনার কক্ষে যারা আছি, পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের থেকেই হোক। আমরা আগে নিজেদের সংশোধন করি, তারপর পরিবার, সমাজ ও রাষ্ট্র—এভাবেই একদিন ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

