নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় ডাবপাড়াকে কেন্দ্র করে মামুন নামে এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পলাশ থানা গেটের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়।
বক্তারাা মানববন্ধনে অভিযোগ করেন, চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার দীর্ঘ চার মাস পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো
আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে বের হয়ে আসে। এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মামলা তুলে নিতে মামলার বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার ও সাক্ষীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মামুনের মা সালমা বেগম ও এলাকাবাসীর পক্ষে কাইয়ুম মিয়া, ইলিয়াস হোসেন, মোস্তাক মিয়া, মোতালিব হোসেন, শিমলা বেগম এবং মামুনের বোন রত্না আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে এলাকাবাসী ব্যানার হাতে পলাশ থানাা গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা মামুনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত ৩ এপ্রিল ডাবপাড়াকে কেন্দ্র করে ডাঙ্গার গালিমপুর গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয় কিশোর মামুন মিয়াকে। পরে এ ঘটনায় নিহতের পরিবার ওই এলাকার আজিজুল, ইসমাইল ও হজরত আলী নামে ৩ জনকে আসামি করে মামলা করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

