মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ, শহরের যানজট নিরসনে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ, উপজেলা পরিষদের সভাকক্ষ এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক তিনটি কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই দিন সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক বছরে এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানগুলোতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

