বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে বাস, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহাসড়কে একটি ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উজিরপুর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

