গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে একদল পুলিশ ধর্মপুর এলাকায় অবস্থিত জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মো. সাকিল মিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, অভিযানে সাকিল মিয়ার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। গ্রেপ্তার সাকিল মিয়া উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।
এ বিষয়ে এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান বলেন, মাদক কারবারির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সে যে দলেরই হোক, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই তাকে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। এরপরই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

