ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সংরক্ষিত বনভূমিতে সরকারি উদ্যোগে রোপণ করা হাজার হাজার চারা গাছ কেটে ও উপড়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪৫ থেকে ৫০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক বন বিভাগের আওতাধীন পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া মৌজার প্রায় ৮৪ একর সংরক্ষিত বনভূমিতে সম্প্রতি সরকারি অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
গত ১৯ জুলাই সকালে নিয়মিত টহলের সময় বন বিভাগের কর্মকর্তারা দেখতে পান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে বনভূমিতে প্রবেশ করে চারা গাছ উপড়ে ও কেটে জমি দখলের চেষ্টা করছে।
বন বিভাগের কর্মকর্তারা বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে এবং সরকারি কাজে বাধা দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি পীরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ডে বিভিন্ন প্রজাতির ১৪ হাজার ৪২০টি চারা গাছ, খুঁটি, সার ও শ্রমিক ব্যয়সহ প্রায় ২৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া সংরক্ষিত বনভূমির পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে বন বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী বলেন, “গত ১৪ জুলাই বাঁশগাড়া মৌজার ৮৪ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করে সেখানে চারা রোপণ করা হয়েছিল।
১৯ জুলাই সকালে গিয়ে দেখা যায়, প্রায় ১৪ একর এলাকার চারা গাছ উপড়ে ও কেটে পুনরায় জমি দখলের চেষ্টা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সরকারি বনভূমি রক্ষায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।”
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “বন বিভাগের পক্ষ থেকে দায়ের করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

