মানিকগঞ্জের সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি উপজেলার দরগ্রাম, সাটুরিয়া, বালিয়াটি ও তিল্লী ইউনিয়নের প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বেকারত্ব দূরীকরণে দেশের অন্যান্য উপজেলার মতো সাটুরিয়াতেও একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবে এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

