চট্টগ্রামের বোয়ালখালীর মেধাবী শিক্ষার্থী মনীশ ক্ষেত্র চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক ও সম্মাননা গ্রহণ করেছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এর আগে গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের সাতজন প্রতিযোগীকে পেছনে ফেলে একক অভিনয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে মনীশ। সে বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও সেরা হয়ে গৌরব বয়ে আনে মনীশ।
পুরস্কার গ্রহণের পর মনীশ ক্ষেত্র চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এ সাফল্যের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আরও ভালো কাজ করে দেশ ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে চাই।”
এ বছর দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে জাতীয় পর্যায়ের এই সম্মাননা তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

