বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবার আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষে বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইসিসি বোর্ডের অনুমোদনে গঠিত এই কমিটি বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং নীতিগত দিকনির্দেশনা দেওয়ার কাজ করবে।
তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
তবে কমিটির কার্যপরিধি, দায়িত্ব পালনের মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইসিসি।
একই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক (Full Member Director) হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এদিকে আইসিসি একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ভারতের দেবজিৎ সাইকিয়াকে। সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।
বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সহায়তার জন্য ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ প্রদানের প্রস্তাবও অনুমোদন করেছে আইসিসি বোর্ড।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

