টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫ পুড়িয়া হেরোইন ও ৮৫ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৩৫ মিনিটে ধনবাড়ী পৌরসভার কালিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে কালিপুর এলাকার জুলহাস উদ্দিনের বসতবাড়ির উঠান থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ পুড়িয়া হেরোইন ও ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোছা. জাহানারা বেগম (৫০), মো. শামীম চৌধুরী (৩৮), মোছা. আমিনা খাতুন (৩৫), মো. জুয়েল সরকার ওরফে লিক্সন (৪২), মো. আরিফ হোসেন (২৭), মো. সুরুজ আলী (৩২), মো. ইমরুল কায়েস ওরফে মুরাদ (৩৯), মোছা. সেলিনা বেগম ওরফে হাজেরা (৪৫) এবং মেরিন আক্তার জুথি (২২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

