চট্টগ্রামের বোয়ালখালীতে ফটকের তালা ভেঙে বাড়ির আঙিনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।
অটোরিকশার মালিক বাবলা দাশ এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, রাতে গাড়িটি (চট্টগ্রাম-থ-১৩-২৬২০) বাড়ির আঙিনায় পার্কিং করে রাখা ছিল। এ সময় সীমানাপ্রাচীরের ফটকে তালা লাগানো ছিল। পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর ভোররাতে চোরেরা ফটকের তালা ভেঙে গাড়িটি চালিয়ে নিয়ে যায়।
বাবলা দাশ বলেন, সকালে আঙিনায় গাড়িটি না দেখে চুরির বিষয়টি বুঝতে পারি। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত ৪টার দিকে এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে। চুরি যাওয়া গাড়িটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এর আগে, গত ৭ জুলাই ভোরে একই উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “সিএনজিচালিত অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

