চুয়াডাঙ্গার জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও সুমাইয়া সুলতানা অ্যানি বলেন, জীবননগর উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
তিনি আরও বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়নকে গতিশীল করা সম্ভব নয়। জীবননগর একটি সীমান্তবর্তী উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় আপনাদের বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করছি।"
তিনি বলেন, জীবননগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য নারায়ণ ভৌমিক ও সালাউদ্দীন কাজল, জিটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, মাই টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন খোকন, এটিএন নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের জীবননগর উপজেলা প্রতিনিধি এম. আই. মুকুল, মানবজমিনের উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, মুন্সি রায়হানউদ্দিন, মাজিদুর রহমান লিটন, হাসান নিলয়, তুহিনুজ্জামান, লিখন হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

