প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে সড়কপথে যাত্রাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভোর থেকেই কয়েক হাজার নেতাকর্মী মহাসড়কের দুই পাশে অবস্থান নেন।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে সমবেত হন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সকাল পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করলে তিনি চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। এ সময় উপস্থিত জনতাও হাত নেড়ে এবং বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ ও অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মস্তফাপুর বাসস্ট্যান্ড ছাড়াও মাদারীপুরের ডাসার উপজেলার ভাঙা ব্রিজ এলাকা এবং কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর সফর সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

