শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক-এর উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়ন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে কলসপাড় ইউনিয়নের বড়বিলা, নয়ানি, কাস্তি বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫টি চায়না জাল, প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মশারি জাল এবং একটি ভীম জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন। এ সময় নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

