নীলফামারীর ডোমারে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজন নিহত হন।
নিহতরা হলেন—নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানি (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

