টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্বনির্ধারিত সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে পৌর বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর বিএনপির আওতাধীন ৯টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ গত ৭ জুলাই শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নেতাকর্মীদের যাতায়াত এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এক যৌথ বিবৃতিতে বলেন, বৈরী আবহাওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিঘ্ন ঘটতে পারে। সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্মেলনের উৎসবমুখর পরিবেশ বজায় রাখার স্বার্থে আপাতত সব ওয়ার্ড সম্মেলন স্থগিত রাখা হয়েছে।
তারা আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা সাপেক্ষে সম্মেলনের নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে।
এ সিদ্ধান্তে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

