খাগড়াছড়িতে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং আশ্রয়কেন্দ্রসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুলিশের বিশেষ টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

