চুয়াডাঙ্গার জীবননগরে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি কীভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আশ্রয়কেন্দ্রগুলোর উপযোগিতা নিশ্চিতকরণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য ইতোমধ্যে ১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা দুর্গত মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য কিছু শুকনো খাবার মজুত রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) আতিয়ার রহমান, মৎস কর্মকর্তা জুয়েল শেখ, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুমাইয়া সুলতানা এ্যানি জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

