টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ আগে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়াপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিতা আক্তার (৫০), স্বামী সাখাওয়াত হোসেন, ভুয়াপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা, ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় রিতার স্বামী সাখাওয়াত হোসেন (৬০) এবং ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

