মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যার পানিতে নিখোঁজ হওয়া আশরাফ আলী (আশই) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধসংলগ্ন বন্যার পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নিহত আশরাফ আলী আকুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের একটি বড় অংশ আকস্মিকভাবে ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ সময় বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন আশরাফ আলী। পরে শুক্রবার সকালে আকুয়া গ্রামে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
রাজনগরের টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। ওই সময় বন্যার পানিতে তলিয়ে আশরাফ আলীর মৃত্যু হয়। পরে সকালে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আকস্মিক এ বন্যা ও বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এলাকাজুড়ে পানি বৃদ্ধি পাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

