চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে উদ্ধার হওয়া আমিরুল ইসলাম (৩৫)-এর মরদেহের খবরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিজ বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। আমিরুল কোটচাঁদপুর উপজেলার তালসার ইউনিয়নের কুরিপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিশ্ব কলোনি এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাই জামিরুল ইসলাম জানান, আমিরুল দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করতেন এবং সেখানে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কোটচাঁদপুরে থাকাকালীন সময়েও তিনি একই ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্টে তাঁর মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ মিরসরাইয়ের একটি পরিত্যক্ত বিস্কুট কারখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত হয় পরিবার। তবে কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমিরুল চার ভাই ও এক বোনের মধ্যে মেজো ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুরিপাড়ায় শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক জানান, ঘটনাটি সম্পর্কে তাঁর কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

