বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসকদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিল এবং হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. কামাল হোসেন হাসপাতালের বিভিন্ন সেবার উন্নয়নে কাজ শুরু করেন। তাঁর উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজি ও আই ভিশন সেন্টার পুনরায় চালু করা হয়। পাশাপাশি অকার্যকর এক্স-রে মেশিন সচল করা এবং সরকারি বরাদ্দের ওষুধ সুষ্ঠুভাবে বিতরণের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সোমবার (৬ জুলাই) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. কামাল হোসেন বলেন, একটি অসাধু চক্র হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “রোগীদের সেবা ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্য, এই অপপ্রচারের উদ্দেশ্য হলো হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত করা এবং স্বাস্থ্য কর্মকর্তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করা। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডা. কামাল হোসেনকে সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে একজন চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
ডা. কামাল হোসেন একটি লিখিত প্রতিবাদে বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

