‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে জুলাই পদযাত্রার উদ্বোধন করা হয়েছে।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার তিন দফা দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে দেশের সকল জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রার ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (৬ জুলাই) বিকেলে পদযাত্রা শেষে কালীগঞ্জ বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বাসস্টেন্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। পদযাত্রায় এনসিপির নেতাকর্মী, সমর্থক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ‘দেশ গড়তে জুলাই জাগরণ’, ‘বৈষম্যহীন বাংলাদেশ চাই’, ‘কর্মসংস্থান নিশ্চিত করতে হবে’, ‘গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্র শক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
এসময় সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণই এনসিপির লক্ষ্য। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই এনসিপির এই জুলাই পদযাত্রা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

