গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ত্রাণ ও মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ‘‘বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদা আপনার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থের চেক ও চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পটি বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে চেক ও চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল চেক ও চাল বিতরণ করেন।
গাজীপুর-৫ আসনের আওতাভুক্ত কালীগঞ্জ উপজেলা, বাড়ীয়া ইউনিয়ন ও গাজীপুর সিটিকর্পোরেশনের ৪০,৪১,৪২নং ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জার অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এক কোটি ৭০ হাজার টাকার চেক তুলে দেন। পরে ১৯ টি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য ১৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপি`র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি`র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, আশরাফি হাবিবউল্লাহ, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, পৌর বিএনপি`র সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য প্রদীপ মিত্র ভজন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার মানুষের কল্যাণের জন্য অসহায় ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে”। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

