AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে সংরক্ষিত বনে উচ্ছেদ অভিযান, উদ্ধার ৫ একর বনভূমি



কমলগঞ্জে সংরক্ষিত বনে উচ্ছেদ অভিযান, উদ্ধার ৫ একর বনভূমি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিন্জি বসতি এলাকায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরিচালিত এ অভিযানে প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান গড়ে তুলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আসছিল। যৌথ অভিযানে এসব অবৈধ চাষাবাদ উচ্ছেদ করে বনভূমি পুনরুদ্ধার করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বাঁশ ও পলিথিনের শেড এবং একটি ওয়াচার শেড ভেঙে ফেলা হয়। এছাড়া সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুরের পাড় কেটে জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ পুনঃস্থাপন করা হয়।

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার কাজ করছে। একই সঙ্গে পুনরুদ্ধার হওয়া বনভূমিতে নতুন করে যাতে কেউ দখল নিতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী পি.ও.আর. (POR) মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও বনভূমি দখল ও ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, দখলমুক্ত স্থানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বনায়ন করা হবে।

পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করার এ ধরনের উদ্যোগ বন সংরক্ষণ, জলাধার রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে বনভূমি দখলের প্রবণতা কমে আসবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!