রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এক মৃত গৃহবধূর স্বর্ণের কানের দুল চুরির অভিযোগ উঠেছে হাসপাতালের মালি রায়হানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সরঞ্জাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের বাসিন্দা লিপি বেগম (৪০), মনোয়ার হোসেনের স্ত্রী, অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, মৃত ঘোষণার পর হাসপাতালের মালি রায়হান তাদের জরুরি বিভাগের বাইরে যেতে বলেন। পরে তারা বাইরে অবস্থান করার সময় ওই সুযোগে লিপি বেগমের দুই কানের স্বর্ণের দুল খুলে নেওয়া হয়।
পরদিন স্বজনরা বিষয়টি টের পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত রায়হান পলাতক রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

