চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর মাঝনদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৪৭ ও ৪৪ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ এবং ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের জেলে মুসা এর নেতৃত্বে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় বিশাল আকৃতির দুটি বাঘাইড় মাছ ও একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নদী থেকে ঘাটে নিয়ে এলে সেটি দেখতে স্থানীয়রা ভিড় জমায়।
জেলেরা জানান,পদ্মা নদীতে এ মৌসুমে বাঘাইড় ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। তবে ৪৭ কেজি ও ৪৪ কেজি ওজনের বাঘাইড় মাছ খুব কমই দেখা যায়। তাদের ধারণা নদীতে পানি বাড়তে শুরু করায় বড় মাছের আনাগোনা বেড়েছে।
জেলেরা আরও জানান,মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। পরে আড়তদার মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন।
মাছটি ঘাটে আনার পর একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। বিশাল আকৃতির বাঘাইড়টির ওজন ও বিক্রয়মূল্য নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে এত বড় বাঘাইড় ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

