পটুয়াখালীর বাউফল থানার একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে হত্যা, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে সংস্থাটি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. বাচ্চু সরদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বাচ্চু সরদার পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা এবং মো. আলম সরদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে ভুক্তভোগী মো. আজাহার জমাদ্দার (৬৫) ও তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬-৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আজাহার জমাদ্দার বাদী হয়ে বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ডাকাতির ঘটনার পর থেকেই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে র্যাব-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) মো. কামরুজ্জামান (পিপিএম) বলেন, “র্যাব-৮ পেশাদারিত্বের সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

