বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন (বাগেরহাট -৪) আসনের সংসদ সদস্য আব্দুল আলীম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি। এ সময় ডাঃ কামাল হোসেন মুফতি আরও বলেন,শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমিয়ে তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মোরেলগঞ্জে একটি সুন্দর ব্যবস্হপনার মধ্য দিয়ে এ ক্যাম্পেইন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

