সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা এলাকার বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. টিপু সুলতান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক টিপু সুলতানের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

