নওগাঁর মান্দায় ধানের হাটে ওজনে কারচুপি এবং নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনজনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২২জুন) বেলা ১১টার দিকে উপজেলার কশব ও বিষ্ণুপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান সূত্রে জানা যায়, সকালে কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারের ধানের হাটে অভিযান চালিয়ে কৃষকদের কাছ থেকে মণপ্রতি ৪০ কেজির স্থলে ৪১ কেজি হিসেবে ধান কেনার সত্যতা পায় প্রশাসন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই আড়তদারকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী মৌজায় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিবেশ ও নদীর ক্ষতি করে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “কৃষকের ন্যায্য অধিকার রক্ষা, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অনিয়মের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

