বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী পরে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত মীম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির হত্যা ধারায় মামলা দায়ের করেছেন।
মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।
গ্রেপ্তার নূর মোহাম্মদ হাওলাদার উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মৃত হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন সকালে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী তরুণী মীম আক্তার (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় একই এলাকার নূর মোহাম্মদ হাওলাদার তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর থেকেই মীম আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অস্বাভাবিক আচরণ করতেন ।
পরিবারের অভিযোগ, ওই ঘটনার জেরে সৃষ্ট ভয় ও মানসিক আঘাতের কারণে গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মীম আক্তার মারা যান। রবিবার (২১ জুন) নিহত মিম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, “এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

