চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারীদের অন্যতম মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে অভিযুক্ত মোঃ আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
রোববার (২১ জুন) ভোরে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইয়ুবের অবস্থান শনাক্ত করার পর সকাল ৬টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দূরছড়ি এলাকায় তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় মোঃ আইয়ুবকে আটক করা হয়। পরে তাকে র্যাবের হেফাজতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আইয়ুবের পিতার নাম আবদুল মোনাফ। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায়।
র্যাব-৭ এর সেকেন্ড ইন কমান্ড মেজর জালিস মাহমুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুবকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পাঁচজন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলাকারীদের দুজনের হাতে শর্টগান এবং তিনজনের হাতে পিস্তল ছিল বলে জানা যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

