AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে কৃষক গ্রুপ গঠন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৬:১৬ পিএম, ১৬ জুন, ২০২৬

কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে কৃষক গ্রুপ গঠন

কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ নিশ্চিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক কৃষকের উঠানে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষক গ্রুপ গঠন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে নারী-পুরুষ কৃষকরা মাদুর পেতে গোল হয়ে বসে অংশগ্রহণ করেন। কৃষি কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে কৃষক ও কৃষাণীরা সামাজিক সম্পদ মানচিত্র প্রণয়ন, স্থানীয় কৃষি সমস্যার তালিকা তৈরি এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নির্ধারণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আকতার জামিল, মো. রুহুল আমিন, মো. আব্দুল হাকিমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষক গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে। এর ফলে কৃষকরা কম খরচে অধিক ফলন উৎপাদন করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের আরও সংগঠিত ও প্রযুক্তিনির্ভর করতে এ ধরনের কৃষক গ্রুপ গঠন করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরীতে ‘মনিয়ারহাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের সরাসরি পরামর্শ ও সহযোগিতা পেলে উৎপাদন বৃদ্ধি এবং কৃষির টেকসই উন্নয়ন আরও সহজ হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!